নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানার ১২ নং সেকশনের সি ব্লকের ১৩ নম্বর রোডের একটি হার্ডওয়্যারের দোকানে গুলির এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, পল্লবী সেকশন-১২-এ বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে প্রবেশের পর পরই মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ।