মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২,৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এসআই (নিরস্ত্র) মো. রোবেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর তাসিন সিএনজি পাম্পের দক্ষিণ পাশে এরশাদ আলীর ভাসমান চায়ের দোকানের সামনে থেকে জসীমউদ্দীন (৩৬), ইমান আলী (৩৮) ও ছামিদুল ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে যথাক্রমে ২,৫০০ পিস, ৫০ পিস ও ৫০ পিসসহ মোট ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, তিনি থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।