ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লির কাছে এই ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৫০) ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। তার বোন রাশেদা বেগম জানান, শনিবার রাত ১০টার পর তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তার ভাইয়ের লাশ ধানক্ষেতে পরে আসে।’
থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশটি বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ব্যাগ ভর্তি কাঁচা কলা এবং একটি জোড়া স্যান্ডেলও পাওয়া গেছে। নিহত ব্যক্তি কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না, মূলত ভবঘুরে জীবন যাপন করতেন। তার স্ত্রী প্রায় ১২ বছর আগে মারা গেছেন। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আছে।
ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নুর জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’