ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে সংঘর্ষের সময় ছেলেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে আয়েশা বেগম (৬০) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের খড়েরদাইড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম খড়েরদাইড় গ্রামের মৃত আতর আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিহতের ছেলে সালাম হোসেন প্রতিবেশী মজিদ আলীকে গরু চোর সন্দেহ করে অভিযোগ করেছিলেন। এ নিয়ে শুক্রবার রাতেও সালাম ও পিন্টুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে পরিণত হয়। মারামারির সময় সালামকে বাঁচাতে এগিয়ে আসেন আয়েশা বেগম। কিন্তু তখন প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নূর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের ঘটনা নথিভুক্ত করে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’