আজিজুল ইসলামঃ বাঘারপাড়ার খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। দুপুরে বিদ্যালয়ের সামনে পৌঁছালে ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাভার্ডভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায়।
ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি এখনো আটক করা যায়নি। যানটি আশেপাশে লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এ ঘটনায় তদন্ত ও অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।