শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে শুরু ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তায় ১৭ লাখ ৭১ হাজার ভোটার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৬৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। অনেক কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইন ও পর্যাপ্ত নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, জেলার ২৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চল ও দুর্গম এলাকার ২৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “পুরো জেলায় প্রায় ১,৮০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবির ১৩ প্লাটুন, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। প্রতিটি উপজেলায় বিশেষ টিম প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা সহ্য করা হবে না।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”

ভোট দিতে আসা ফরিদপুর সদর উপজেলার কুদ্দুস শেখ নামে এক ভোটার বলেন, “সকালে একটু ভিড় কম ছিল, তবে পরিবেশ শান্ত। কোনো সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি।” নগরকান্দা উপজেলার এক নারী ভোটার জানান, “আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। প্রশাসনের উপস্থিতি দেখে নিরাপদ মনে হচ্ছে।”

তবে কয়েকটি কেন্দ্রে সকালবেলায় ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে কড়া নিরাপত্তা, নির্বাহী ও বিচারিক তদারকি এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন জেলার প্রায় ১৮ লাখ ভোটারের রায়ের অপেক্ষায় রয়েছে প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলে ফরিদপুরে গণতান্ত্রিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়