কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বাঁশখালী থানা পুলিশের তথ্যমতে, মঙ্গলবার রাতে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেফালী বড়ুয়া ওরফে লিপি (৫০) এবং দিপায়ন বড়ুয়া (৫১) নামে দুইজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের দখল ও হেফাজত থেকে মোট ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক শেফালী বড়ুয়া উত্তর জলদী এলাকার জয় সেন বড়ুয়ার স্ত্রী। অপরদিকে দিপায়ন বড়ুয়া মৃত বিমল কান্তি বড়ুয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।'