আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: টানা তিন দিন বন্ধ থাকার পর ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে আবারও আজ সকাল থেকে স্বাভাবিক হয়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল এবং আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তিন দিন সীমিত রাখা হয়েছিল ভ্রমণ ও বাণিজ্যিক কার্যক্রম। এতে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও পণ্য পরিবহনে স্থবিরতা দেখা দেয়।
তিন দিন পর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় বন্দরে ফের ব্যস্ততা ফিরে এসেছে। পাসপোর্টধারী যাত্রীদের পাশাপাশি আমদানি-রফতানি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বন্ধের কারণে জরুরি প্রয়োজনে অনেক যাত্রী ভারতে যেতে পারেননি। একইসঙ্গে আমদানি-রফতানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এতে সরকারও বড় অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানিয়েছেন, পণ্যজট কমাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন এ বন্দর দিয়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। এছাড়া চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দুই হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেন। এতে বাণিজ্য খাতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশু খাদ্য, মেশিনারিজ, অক্সিজেন, ফল, চাল, পেঁয়াজ, মাছসহ নানা পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকে ১০৪ ট্রাক পণ্য রফতানি হয়েছে। এসব পণ্যের মধ্যে ছিল বসুন্ধরা টিস্যু, মেলামাইন, কেমিক্যাল, মাছ ও ওয়ালটন পণ্যসামগ্রী।
তিন দিনের বিরতির পর বন্দর কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও যাত্রীদের মাঝে। সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল-পেট্রাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম দুই দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।