শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুর হাটে 'আধিপত্যের হাড্ডাহাড্ডি লড়াই', অতঃপর পুনঃইজারাও স্থগিত

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের পুনঃইজারা কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। নিরাপত্তাজনিত উদ্বেগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার (২১ মে) নির্ধারিত এই পুনঃইজারার ডাক স্থগিত করা হয়। এদিন দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এই ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গতকাল বুধবার প্রথম দফার উন্মুক্ত ইজারা কার্যক্রম চলাকালে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে ওই দিনের ইজারা কার্যক্রম স্থগিত করেছিল উপজেলা প্রশাসন।

পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার ৫৩টি অস্থায়ী পশুর হাটের পুনঃইজারার জন্য বৃহস্পতিবার নতুন দিন ধার্য করা হয়। তবে আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে পুনরায় এই কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর হাট নিয়ে স্থানীয় বাসিন্দা এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইজারা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ায় অনেকেই স্বাভাবিক হাট শুরুর অপেক্ষায় দিন গুনছেন। স্থানীয়দের অভিযোগ—উদ্ভূত পরিস্থিতির মধ্যেও বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা সংকটকে আরও জটিল করে তুলছে। ফলে মূল সমস্যার সমাধান যেমন পিছিয়ে যাচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উৎকণ্ঠা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানান, সরকারি বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই পুনঃইজারার আয়োজন করা হয়েছিল। কিন্তু সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রমটি পুনরায় স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়