সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে একটি সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বক্সের ভেতর লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অটোরিকশার চালক সৈয়দ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক সৈয়দ আলম টেকনাফ উপজেলার জাদিমুরা এলাকার কোনাপাড়া স্টেশন গলির বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও চালকের ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) বিকেলে টেকনাফের বড়ইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনের সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক মাদক বহনের বিষয়টি স্বীকার করেন। পরে অটোরিকশার পেছনের ইঞ্জিন বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।