ডেস্ক রিপোর্ট : দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সরকারকে জ্বালানি তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের মধ্যে শুধু ডিজেল বিক্রিতেই দৈনিক প্রায় ৭৫ কোটি ৭১ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ভর্তুকি অব্যাহত রেখে সরকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য অপরিবর্তিত রাখার নীতিতে অটল রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
যদিও বিশ্লেষকরা বলছেন, স্বল্প মেয়াদে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও দীর্ঘ মেয়াদে এর আর্থিক চাপ রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তবু বর্তমান প্রেক্ষাপটে জনগণের স্বার্থ রক্ষায় এই নীতি অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত রবিবার দেশে মোট জ্বালানি তেল বিক্রি হয় ১৬ হাজার ৩৮ মেট্রিক টন। এর মধ্যে শুধু ডিজেলই বিক্রি হয় ১১ হাজার ৬০৮ মেট্রিক টন। ডিজেলের ক্ষেত্রে সাধারণভাবে এক মেট্রিক টন সমান এক হাজার ১৮৬ লিটার ধরে হিসাব করে বিপিসি।
এখন প্রতি লিটার ডিজেলে সরকারের ব্যয় হচ্ছে ১৫৫ টাকা। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ টাকায়। লিটারে ৫৫ টাকা ভর্তুকির হিসাবে ডিজেলেই দৈনিক সরকারকে প্রায় ৭৫ কোটি ৭১ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ডিজেল বিক্রিতে যদি এই হারে ভর্তুকি দিতে হয় তাহলে আগামী এক মাস ডিজেলেই ভর্তুকি লাগবে দুই হাজার ২৭১ কোটি টাকার ওপরে।
বিপিসির তথ্য বলছে, গত রোববার অকটেন বিক্রি হয় এক হাজার ১৬৪ মেট্রিক টন। এ ছাড়া পেট্রল এক হাজার ৩০৫ মেট্রিক টন, ফার্নেস অয়েল ১২৫ মেট্রিক টন, জেট ফুয়েল এক হাজার ৬৩১ মেট্রিক টন এবং কেরোসিন ২০৫ মেট্রিক টন বিক্রি হয়। তবে ওই দিন মেরিন ফুয়েল বিক্রি হয়নি।
জ্বালানি বিভাগ ও বিপিসির কর্মকর্তারা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়লেও সরকার তা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রতিফলিত করেনি। বরং বিদ্যুৎ উৎপাদন, গণপরিবহন, সেচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত না হয়, সেই বিবেচনায় বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার।
এ বিষয়ে জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে বর্তমানে প্রতি লিটার ডিজেলের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৫৫ টাকা। দেশে ডিজেলের চাহিদা বেশি হওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি আরো বলেন, ‘এপ্রিল পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো শঙ্কা নেই। মার্চ মাসে বাতিল হওয়া দুটি শিপমেন্ট এপ্রিলেই এসে পৌঁছবে, যা পরিস্থিতির জন্য ইতিবাচক হবে। এ ছাড়া মে মাস পর্যন্ত পেট্রল ও অকটেনের সরবরাহ নিয়েও কোনো সমস্যা হবে না।’
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ডিজেলের দাম বাড়লে তা সরাসরি কৃষি, পরিবহন ও বিদ্যুৎ খাতে প্রভাব ফেলে। এতে উৎপাদন ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এই প্রেক্ষাপটে সরকার মূল্য সমন্বয়ের পরিবর্তে ভর্তুকি অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে।
জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘সরকার জ্বালানি তেলে স্বল্প মেয়াদে বা এক-দুই মাস ভর্তুকি দিতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘমেয়াদি হলে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই। অর্থনীতিতে চাপ পড়লেও চলতি এপ্রিল মাসটিতে ভর্তুকি দেওয়া উচিত। পরে বৈশ্বিক পরিস্থিতি দেখে সরকার সিদ্ধান্ত নিতে পারে। শুধু বাংলাদেশ না, এখন বিশ্বের প্রতিটি দেশ জ্বালানি সরবরাহ নিয়ে চাপে রয়েছে। আমি আশা করছি, চলতি মাসে যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরবে।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০১৯-২০ অর্থবছরে জ্বালানি তেলের ব্যবহার ছিল প্রায় ৫৫ লাখ মেট্রিক টন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ মেট্রিক টনের বেশি। বর্তমানে জ্বালানি তেলের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশই ডিজেল, যা কৃষি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে বেশি ব্যবহৃত হয়। বাকি ৩০ শতাংশের মধ্যে রয়েছে পেট্রল, অকটেন, কেরোসিন, ফার্নেস অয়েল, জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানি তেল। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৯২ শতাংশই আমদানি করা হয়। বাকি প্রায় ৮ শতাংশ আসে স্থানীয় উৎস থেকে, বিশেষ করে গ্যাসক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করে। সূত্র, কালেরকণ্ঠ