শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় চলচ্চিত্র দিবস

মনিরুল ইসলাম: নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস। কেক কাটা, র‍্যালি, পায়রা উড়ানো, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।

১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। এ দিনকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য”।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চিত্রনায়ক ও জাসাসের আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।

পরে সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সকাল ১১টায় জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, চলচ্চিত্র খাতের উন্নয়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং জমে থাকা তহবিল থেকে অর্থ ব্যবহারের উদ্যোগ নিতে হবে। এছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে যেসব জেলায় সিনেমা হল নেই, সেখানে উপজেলা পর্যায়ের অডিটোরিয়ামগুলোকে সিনেপ্লেক্সে রূপান্তরের প্রস্তাবও দেন তারা।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের চলচ্চিত্র শিল্প নানা সংকটে রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২টায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, “সময় কম থাকলেও আমরা যথাসাধ্য আয়োজন সম্পন্ন করার চেষ্টা করেছি।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিএফডিসির উদ্যোগে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অংশগ্রহণে জাতীয় চলচ্চিত্র দিবস-২০২৬ উদযাপন করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, রিজিয়া পারভিন, চিত্রনায়িকা রোজিনা, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, জাসাস নেতা ইথুন বাবু, শিবা শানু, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন, ছটকু আহমেদ, কবিরুল ইসলাম রানা, সায়মন তারিক, পরিচালক সমিতির মহাসচিব শাহিন কবির টুটুল, হাবিবুল ইসলাম হাবিব, ওয়াকিল আহমেদ, নায়ক ওমর সানী, ড্যানি সিডাক, চিত্রনায়িকা পলি, জয় চৌধুরী, সনি রহমান এবং পরিচালক গাজী মাহবুব প্রমুখ।

এদিকে, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের ঘোষণা থাকলেও এফডিসিতে তাদের কোনো পাল্টা কর্মসূচি দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়