শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য

সূত্র-ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স: বিশেষ দক্ষতা সম্পন্ন অভিবাসীদের জন্য এইচ-১বি ভিসার বার্ষিক ফি দেড় হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এক্ষেত্রে নতুন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। এরই মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা নিয়েছে দেশটি। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে। এর ফলে ব্রিটিশ ভিসা প্রক্রিয়া সংস্কারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটিতে শীর্ষ বৈশ্বিক মেধাবীদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছেন।

স্টারমারের নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা ধারণা নিয়ে কাজ করছে। আর এর লক্ষ্য— দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

ব্রিটিশ এই প্রভাবশালী পত্রিকাটিকে এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল ডাউনিং স্ট্রিট ও ট্রেজারিতে। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দেশটিতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার (যা মূলত প্রযুক্তি খাতেই বেশি ব্যবহৃত হয়) জন্য নতুন আবেদনকারীদের এক লাখ ডলার ফি দিতে হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে রবিবার থেকে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আসলে ব্রিটিশ সরকারের ভিসা নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করেছে। কারণ আগামী নভেম্বরে আসন্ন বাজেট ঘোষণার আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পথে এ ধরনের প্রণোদনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন আলোচনায় যুক্ত কর্মকর্তারা।

বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১০৩০ মার্কিন ডলার)। স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়। অবশ্য এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও ট্রেজারি ও ডাউনিং স্ট্রিট তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। অনুবাদ: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়