শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা ইলন মাস্কের, কত কোটি ডলার?

করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন-ভাতা চুক্তির স্বীকৃতি পেলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার (১ ট্রিলিয়ন ডলার) মূল্যের এই বিশাল বেতন-ভাতা প্যাকেজ করপোরেট ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম বৃহত্তম বেতন চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় বৃহত্তম এই বেতন চুক্তি অনুমোদন দেয় কোম্পানির শেয়ারহোল্ডাররা। 

শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ শতাংশ ভোটে মাস্কের বেতন প্যাকেজের প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে এ বিষয়ে কোম্পানির অভ্যন্তরীণ ‘গণভোট’ অনুষ্ঠিত হয়।

তবে মাস্ককে এই প্যাকেজের সম্পূর্ণ সুবিধা পেতে হলে আগামী ১০ বছরে টেসলার রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় অন্তত ১০ লাখ স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নামাতে হবে। পাশাপাশি কোম্পানির বাজারমূল্য বর্তমান ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে হবে। 

সভায় সিদ্ধান্ত ঘোষণার পর মঞ্চে উঠে নাচেন ইলন মাস্ক। তিনি বলেন, আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি।

 সভায় মাস্ক টেসলার নতুন প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্প, দুই সিটের স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন, যা এপ্রিল থেকে শুরু হবে, এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’-এর উন্মোচন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির জন্য নিজস্ব কারখানা গড়ে তোলার এবং ইন্টেলের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও জানিয়েছেন মাস্ক।

আগামী এক দশকে মাস্কের লক্ষ্য— বছরে ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি, এবং ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন।

প্রতিটি লক্ষ্য পূরণে তিনি টেসলার ১ শতাংশ শেয়ার পাবেন। সব লক্ষ্য অর্জিত হলে মাস্ক কোম্পানির ১২ শতাংশ মালিকানা পাবেন, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার।

তবে মাস্কের এই বিশাল বেতন প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম। তাদের মতে, এটি শেয়ারহোল্ডারদের স্বার্থের পরিপন্থি। 

অন্যদিকে, টেসলা বোর্ডের দাবি, ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি অসম্ভব।

এর আগে বোর্ডের পক্ষপাতমূলক অবস্থানের অভিযোগে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত টেসলার পুরোনো বেতন পরিকল্পনা বাতিল করে দিয়েছিল। এরপর কোম্পানি তাদের নিবন্ধন স্থানান্তর করে টেক্সাসে নিয়ে যায় এবং সেখানেই এই নতুন ভোট অনুষ্ঠিত হয়।

তবে সম্প্রতি টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত শুরু হলেও গত ছয় মাসে কোম্পানির শেয়ারমূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে—যা মাস্কের নেতৃত্বে টেসলার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়