শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৫:১১ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ মৌসুমে মক্কায় কড়াকড়ি, আইন ভাঙলেই বড় শাস্তি

আসন্ন ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। পবিত্র হজের মর্যাদা রক্ষা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশকারী ও অনুমতি ছাড়া হজ পালনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বুধবার (১৫ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে হজের নিয়ম লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ও দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কঠোর শাস্তির কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জিলকদ (১৯ এপ্রিল) থেকে ১৪ জিলহজ পর্যন্ত যেকোনো ধরনের ভিজিট বা ভ্রমণ ভিসাধারী ব্যক্তির মক্কায় প্রবেশ এবং অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ভ্রমণ ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করেন বা নির্দিষ্ট সময়ে মক্কায় অবস্থান করেন, তবে তাকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।

সবচেয়ে বড় অংকের জরিমানা গুনতে হবে সেসব ব্যক্তিদের, যারা অবৈধভাবে কাউকে মক্কায় নিয়ে আসবেন। পরিবহনকারী বা দালালদের ক্ষেত্রে ১ লাখ রিয়াল জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করারও আইনি প্রক্রিয়া শুরু হবে। এই জরিমানার পরিমাণ ব্যক্তির সংখ্যার অনুপাতে কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে।

মক্কার পবিত্র স্থানগুলোতে ভিড় নিয়ন্ত্রণ করতে আবাসন খাতের ওপরও কঠোর নজরদারি রাখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হোটেল, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত বাসস্থানে অনুমতি ছাড়া কাউকে আশ্রয় দিলে বা লুকিয়ে থাকতে সাহায্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মালিককেও ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবে অবস্থানরত অভিবাসী বা ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিরা যদি অবৈধভাবে হজে অংশ নেন, তবে তাদের তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছর তাদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা যদি মনে করেন তারা অন্যায্যভাবে শাস্তির শিকার হয়েছেন, তবে তারা ৩০ দিনের মধ্যে প্রশাসনিক আদালতের শরণাপন্ন হয়ে আপিল করার সুযোগ পাবেন। এছাড়া পবিত্র হজের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে যেকোনো আইন লঙ্ঘনকারীর তথ্য ৯১১ নম্বরে কল করে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মূলত বিশ্বজুড়ে আসা লাখ লাখ হাজিদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতেই প্রতি বছরের মতো এবারও সৌদি সরকার এমন কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। কোনো প্রকার অনুমোদন বা পারমিট ছাড়া হজের আনুষ্ঠানিকতায় অংশ না নেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়