অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য রাজ্যপালের অনুমোদন পেয়েছেন। তার দল তামিলাগা ভেটরি কারাগম (টিভিকে) ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে সক্ষম হওয়ার পর এই অনুমোদন দেয়া হয়। আগামীকাল রোববার (১০ মে) স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজয়।
শনিবার (৯ মে) টিভিকের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিজয় রাজ্যপালের কাছে ১২০ জন বিধায়কের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। বিদুথালাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম) এবং কংগ্রেসসহ একাধিক দল জোট সরকার গঠনের জন্য টিভিকে প্রধানকে ‘নিঃশর্ত সমর্থন’ দিয়েছে।
সরকার গঠনের আমন্ত্রণ চেয়ে গত এক সপ্তাহে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। অবশেষে চতুর্থবারে পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। এর আগে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনপত্রের অভাবে তার সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।
প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে টিভিকে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে দলটি কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থন চায়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ৪ মে।
দুটি বিধানসভা আসন থেকে জয়ী হওয়ায় বিজয়কে একটি আসন ছাড়তে হচ্ছে, ফলে টিভিকের আসন সংখ্যা কমে ১০৭ হবে। কংগ্রেসের পাঁচজন বিধায়ক এবং সিপিআই, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএলের দুজন করে বিধায়কসহ সমর্থনকারী দলগুলোর সম্মিলিত শক্তি বিধানসভায় জোটের মোট আসন সংখ্যা ১২০-এ উন্নীত করেছে। তাতে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথও প্রশস্ত হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে