শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবারেই বদলে যায় শরীরের ঘ্রাণ: বলছে গবেষণা

মানুষের শরীরের একটি স্বাভাবিক গন্ধ রয়েছে, যা জিন, হরমোন, বয়স ও স্বাস্থ্যসহ নানা কারণে পরিবর্তিত হতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, ব্যক্তির খাদ্যাভ্যাসই শরীরের গন্ধে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমরা কী খাই, তা সরাসরি নির্ধারণ করে দেয় শরীর থেকে কেমন ঘ্রাণ বের হবে—মনোরম নাকি অস্বস্তিকর।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টারলিংয়ের অধ্যাপক ক্রেইগ রবার্টস জানিয়েছেন, শরীরের গন্ধ নানা উপাদানের মিশ্রণ হলেও খাদ্য এমন একটি বিষয়, যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাবার শুধু শ্বাস বা ঘামের গন্ধই পরিবর্তন করে না, বরং ব্যক্তির সামগ্রিক আকর্ষণীয়তাকেও প্রভাবিত করে।

ফল ও সবজি শরীরের গন্ধে যুক্ত করে মিষ্টি ঘ্রাণ

অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা যায়, যাদের খাদ্যতালিকায় ফল ও সবজির পরিমাণ বেশি, তাঁদের শরীর থেকে বের হয় ফুলের মতো মিষ্টি ও সতেজ গন্ধ। গবেষকদের মতে, গাজর, টমেটো, কুমড়া, পেঁপে ইত্যাদিতে থাকা ক্যারোটিনয়েড ত্বকে জমে শরীরের প্রাকৃতিক ঘ্রাণকে আরও আকর্ষণীয় করে তোলে।

অন্যদিকে, যারা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট—চাল, রুটি, আলু—কেন্দ্রিক খাবার খান, তাঁদের শরীর থেকে অপেক্ষাকৃত কম আকর্ষণীয় গন্ধ পাওয়া যায়।

রসুন খেলে বাড়ে শরীরের আকর্ষণীয় ঘ্রাণ

রসুনের তীব্র গন্ধ অনেকেরই অপছন্দের হলেও গবেষণা বলছে ভিন্ন কথা। চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটির বিজ্ঞানী ইয়ান হাভলিচেকের গবেষণায় দেখা গেছে, যারা রসুন বেশি খান, তাঁদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে।

বিজ্ঞানীদের ধারণা, রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে, ফলে শরীর থেকে বের হয় আরও সতেজ ও স্বাস্থ্যকর ঘ্রাণ।

শীতের সবজি ঘ্রাণে রাখে প্রভাব

শীতের মৌসুমে পাওয়া ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম ইত্যাদিতে সালফার যৌগ থাকে, যা শরীরের ঘ্রাণে তীব্রতা যোগ করতে পারে। তবে গবেষকরা বলছেন, এই যৌগগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়িয়ে শরীরের ঘ্রাণকে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে সহায়তা করে।

মাংস কমালে ঘ্রাণ আরও হালকা

২০০৬ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা দুই সপ্তাহ মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন, তাঁদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি মনোরম লেগেছে। বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন, মাংস হজমের ফলে শরীরে কিছু অ্যামাইন ও চর্বিজাত যৌগ তৈরি হয়, যা ঘামের সঙ্গে বের হয়ে তীব্র গন্ধ তৈরি করতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, মাংস পুরো বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম।

চা–কফি বাড়ায় ঘামের গন্ধ

চা ও কফি ঘামগ্রন্থি সক্রিয় করে ঘাম এবং গন্ধ—দুটোই বাড়িয়ে দিতে পারে। যারা প্রতিদিনের শুরুতেই কফির উপর নির্ভরশীল, তাদের শরীরের প্রাকৃতিক গন্ধে এ প্রভাব পড়তে পারে।

গবেষকদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাস শুধু শরীর গঠন বা স্বাস্থ্যেই নয়, শরীর থেকে বের হওয়া স্বাভাবিক ঘ্রাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে খাবার নির্বাচনেও সতর্কতা জরুরি।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়