শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি তরুণদের টিটিপি যোগদানের বিষয় নিয়ে সতর্কতা

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন (২২)। তার মৃত্যুর সংবাদটি গুরুত্ব দিয়ে প্রথম প্রকাশ করে একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। পরে বিষয়টি আলোচনায় আসে। 

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টিটিপিতে যোগ দিয়ে বাংলাদেশি তরুণের মারা যাওয়ার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া ফয়সালের মতো আরও কেউ টিটিপিতে যোগ দেওয়ার মতো পরিকল্পনা করলে তাদের খুঁজে বের করে প্রতিরোধের কথাও বলা হয়। টিটিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসলামের প্রকৃত আদর্শ ও ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরার ব্যবস্থা করার পরামর্শ আসে বৈঠকে। ইসলামের সঠিক বয়ানের মধ্য দিয়ে তরুণদের বিপথে যাওয়া মোকাবিলায় ইসলামী দলগুলোকে কাজে লাগানোর কথা বলা হয়। বৈঠক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।   

বৈঠক সূত্র জানায়, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রসঙ্গ বৈঠকে আলোচনা হয়। সম্প্রতি আরাকান আর্মির পক্ষ থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করা অপপ্রচার করছে বলে বৈঠকে বলা হয়। সেখানে উঠে আসে, আরাকান আর্মির অর্থের অন্যতম প্রধান উৎস ইয়াবা পাচার। তাদের মাদক পাচারের অনেক উৎস বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ।

তাই আরাকান আর্মি উদ্দেশ্যপ্রণোদিত অনেক বিষয় সামনে আনছে। এ ছাড়া আরাকান আর্মির হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে এমন কেউ যাতে বাংলাদেশ ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে বিজিবি।  

কোর কমিটির বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টি উঠে আসে। এতে বলা হয়, গোয়েন্দা তৎপরতা, গ্রেপ্তারের কারণে গেল সপ্তাহে ঝটিকা মিছিল তারা খুব একটা করতে পারেনি। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যার তথ্য বৈঠকে তুলে ধরা হয়।  

ওই অনলাইনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির ৫৪ জন সদস্যের সঙ্গে আহমেদ জোবায়ের নামের এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। গত এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে অন্তত চারজন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশে অন্তত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। এ ঘটনায় ইতোমধ্যে জিডি হয়েছে এবং তদন্ত চলছে। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় ঘটনা ছিল পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে অশান্তি সৃষ্টি এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত। এই দুটির পেছনেই ফ্যাসিস্টদের দোসরদের মদদ ছিল, যা ইতোমধ্যে প্রতীয়মান। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করার খবর পাওয়া গেছে। অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনাটির সঙ্গেও এর যোগসূত্র পাওয়া যাচ্ছে।

জাহাঙ্গীর আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পূজামণ্ডপ কমিটির যৌথ নজরদারিতে কুচক্রীদের এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও এ ঘটনায় ইন্ধন ছিল।

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে জিডি করা হয়েছে, তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কিছু পূজামণ্ডপ ভাঙা হয়েছে। তবে সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারব না। আমরা কিছু সংঘর্ষ অবশ্যই চিহ্নিত করতে পেরেছি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটি ও আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সরকারকে সহযোগিতা করছেন।

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহায়তায় আমরা পরিস্থিতি শান্ত রাখতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে পাহাড়ে অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

খাগড়াছড়ির ঘটনা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছে– এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা আপনারা দেখছেন, আপনারা চাক্ষুষ সাক্ষী। লিখতেছেন, জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে।

তাহলে পার্শ্ববর্তী দেশ ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপনারা ভালো বলতে পারবেন। আপনার প্রশ্নটা পেলাম এখন দেখে অনুসন্ধান করে বলতে পারব।

আসন্ন জাতীয় নির্বাচন, চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গা সমস্যা ও সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, গতবারের মতো এবারও সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

বৈঠকের বিষয়ে উপদেষ্টা জানান, কমিটির মিটিং প্রতি সপ্তাহেই হয়। এতে আমাদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শারদীয় দুর্গাপূজা, জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হয়েছে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ‘ধর্ম অবমাননার’ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয়ের যোগসূত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটি এখনও তদন্তাধীন। এ মুহূর্তে বলা যাবে না কোনো যোগসূত্র আছে কিনা।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার।

এ সময় আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়