শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

নির্বাচন ঘিরে 'সেফ এক্সিট' বিতর্কে রাজনীতি উত্তপ্ত

চারদিকে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। আর চার মাস পর ভোট। প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে  ‘সেফ এক্সিট’ শব্দটি ভেসে ওঠে,  শুধু হয় বিতর্ক।

কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিটের’ কথা ভাবছেন বলে দাবি করছেন সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন। কেউ কেউ নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন।

নাহিদ ইসলামের এ মন্তব্যে মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে উত্তাপ। টেলিভিশনের টক শো ও সমাজমাধ্যমে শুরু হয় ব্যপক আলোচনা। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নাহিদের মন্তব্য নিয়ে কথা বলছে। নানান আলোচনা হচ্ছে সরকারের ভিতরেও। আলোচনার পাশাপাশি অনেকে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের যুক্তি, নাহিদ ইসলাম একসময় ছিলেন সরকারের ভিতরের লোক। পরে সরকার থেকে বেরিয়ে এলেও ঘনিষ্ঠতা রয়েছে সরকারসংশ্লিষ্টদের সঙ্গে। তার কাছ থেকে যখন এ ধরনের মন্তব্য আসে তখন সেটা নিঃসন্দেহে গুরুত্ব পায়।

সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের সেইফ এক্সিটের কথা ভাবতেছেন। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতেন যে তাদের নিয়োগকর্তা ছিল গণঅভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন এবং তারা যদি তাদের ওপর ভরসা করতেন, তাহলে উপদেষ্টাদের এ বিচ্যুতি হতো না।’ 

সেফ এক্সিটের তালিকা করলে সবার ওপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, আসিফ মাহমুদ যেখানে যান সেখানেই বিতর্ক তৈরি করেন। মাসুদ কামাল বলেন, ‘দুই দিন আগে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেখানেও সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই লোকের ঝামেলার শেষ নাই। এত ছোট বয়সে এত বড় বড় দায়িত্ব দেওয়ার ফলে সে যে কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছে তা ভাবাই যায় না। আসিফ মাহমুদ যেখানে হাত দিয়েছেন সেখানেই বিতর্ক।

যদি অন্তর্বর্তী সরকারের মিনিমাম সেন্স থাকত তাহলে আসিফ মাহমুদকে সবার আগেই বিদায় করত। এর পুরো দায় কিন্তু সরকারের ওপরই বর্তাচ্ছে।’
 
তিনি বলেন, “এলজিডি উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিজের প্রভাব খাটিয়ে নিজ এলাকায় বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ নিয়েছেন— যা অন্তত ১০টি জেলার মধ্যে কোনো জেলাই পায়নি। ধারণা করা হচ্ছে, তিনি নিজ এলাকার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আর সেই কারণেই এত বেশি বরাদ্দ দিয়ে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের কর্মকাণ্ডই দেখায়— এমন অনেক উপদেষ্টার ভবিষ্যতে ‘সেফ এক্সিট’-এর প্রয়োজন হবে। কারণ, যখন নির্বাচনে জামানত হারাবেন তখন তারা কোথায় যাবেন? তখনই হয়তো ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজবেন। আগেভাগেই বিএনপি বা জামায়াতের সঙ্গে যোগাযোগ তৈরি করে রাখার চেষ্টা করবেন।”
 
তিনি আরো বলেন, “শুধু আসিফ মাহমুদের বিরুদ্ধেই যে এ ধরনের অভিযোগ উঠবে তা নয়— ‘সেফ এক্সিট’-এর আলোচনা আরো অনেক উপদেষ্টাকে ঘিরেও হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কেউ কেউ দুর্নীতি, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।”

রাজনৈতিক অঙ্গনে হঠাৎ কেন আলোচনায় সেইফ এক্সিট-এমন প্রশ্নে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘গণ অভ্যুত্থানের পরে এ সরকার গঠিত হয়েছে। সে হিসেবে এটা জনগণের সরকার। এ সরকারের যেভাবে কাজ করার দরকার ছিল, উপদেষ্টাদের বলিষ্ঠ ভূমিকা নেওয়ার দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছেন। বিশেষ করে সংস্কার, বিচার ও জনগণের কল্যাণকর কাজে। প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের রোডম্যাপ দিলেন তখন দেখা গেল পুরো প্রশাসন স্থবির হয়ে গেল। উপদেষ্টারাও এক প্রকার নির্লিপ্ত হয়ে গেলেন। এ সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি।’

একই প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সেফ এক্সিট আলোচনার প্রথম কারণ মনে হয় উপদেষ্টাদের নানান অসংলগ্ন কথাবার্তা। আর এর প্যান্ডোরার বাক্স খুলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। আমার ধারণা, নাহিদরা যেভাবে চেয়েছিলেন উপদেষ্টাদের একটা অংশ সেভাবে কাজ করেননি। প্রথম দিকে সরকারের সঙ্গে এনসিপির যে টিউনিংটা ছিল পরে তাতে পার্থক্য তৈরি হয়েছে। চরিত্রের দিক থেকে এ সরকার একটা দলনিরপেক্ষ সরকার। এজন্য তাদের সবাইকে আমরা সমর্থন করছি। এ পরিস্থিতিতে সরকার একটা বা দুইটা দলকে সমর্থন করতে গিয়ে তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এ কারণে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে আছেন। তারা যদি এমনটা করে থাকেন, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য বলতে হয়- মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এ কথা বলেন।

দেশের পরিস্থিতি একদম স্থিতিশীল আছে। শুধু সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন এমন নয়, সব রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। সংস্কার, বিচার চলমান প্রক্রিয়া। বিচার নিজস্ব গতিতে চলছে। বিচার কীভাবে চলছে সেটি সবাই দেখতে পাচ্ছে। বিচারের ক্ষেত্রে সরকার তার অঙ্গীকার দেখিয়েছে। যখন দেখেছি একটি ট্রাইব্যুনালের ওপর চাপ বেশি হয়ে যায়, তখন আরেকটি ট্রাইব্যুনাল বাড়ানো হয়েছে। বিচারকে প্রাধান্য দিয়ে কাজ এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকার বিচার অবশ্যই চায় এবং অবশ্যই সুবিচার নিশ্চিত করতে চায়। সেজন্য যে পদ্ধতি করা প্রয়োজন সেটি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঐক্যমত হয়নি কথাটা ঠিক নয়। অনেক বড় বড় বিষয়ে ঐক্যমত হয়েছে। সংস্কারকেন্দ্রিক যেসব বিষয়ে ঐক্যমত, সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে, বাস্তবায়নের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা হয়েছে। দু’একটি অপশনে রাজনৈতিক দলগুলো বেশি সমর্থন দিচ্ছে। রাজনৈতিক পদ্ধতিতে কিছু প্রশ্নের সমাধান চাইলে সেখানে আপস-ডাউন থাকবেই। সবাই আলোচনায় বসছেন, মতামত দিচ্ছেন। পরিবর্তন কীভাবে হবে সেটি নিয়ে রাজনৈতিক ডিবেট থাকবেই।

তবে সেটি নিয়ে আশঙ্কিত- আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংস্কার চাপিয়ে দেয়ার বিষয় নয়, চাপিয়ে দিলে কোনো কিছু টেকসই হবে না। চাপিয়ে না দিয়ে যেটুকু সবাই একমত হবে করতে চাইবেন সেদিকেই যাবো। রাজনৈতিক আলোচনায় তাপ-উত্তাপ থাকবেই, একমত থাকবে; সবই স্বাভাবিক। সরকার আগে থেকে বলতে পারবে না কখন বিচারের রায় হবে। শুনানি, সাক্ষ্যগ্রহণ অন্যান্য প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি বলা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়