শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

গুলির ঘটনা নিয়ে একে অপরের দোষারোপ, নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

মহসিন কবির: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। গুলির ঘটনা রাজনীতিবিদরা একে অপরের দোষারোপ করেছেন। তবে একতা না থাকলে বড় বিপদ ঘটে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মত দিয়েছেন। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,  হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। দেখা গেছে, সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে। যারা একাত্তরে গণহত্যা ও মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের তো বিবেক বোধ বলে কিছু নেই। পুলিশের ভাষ্য হামলাকারী জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, একটি মহল পাঁচ আগস্টের পর মব কালচার তৈরি করেছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা, এখন যা প্রকাশ হয়েছে। আমরা অবিলম্বে এ ঘৃণ্য হামলার বিচার চাই।

ফেসবুক অ্যাকাউন্টে সাদিক কায়েম লিখেছেন, ‘আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত, দায়িত্বশীল আচরণ নয়।’

তিনি লিখেছেন, ‘যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামীনির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবিনির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হয়েছে। শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রার্থীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, নির্বাচনের আগে প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা প্রদান, হত্যার হুমকি এবং প্রার্থীদের ওপর গুলির ঘটনা ঘটতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংস ও অন্তর্ঘাতমূলক ঘটনা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। অবৈধ অস্ত্র সুষ্ঠু ভোটের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে আরও জোরদার অভিযান পরিচালনা করতে হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।

জানতে চাইলে সাবেক আইজিপি আশরাফুল হুদা গণমাধ্যমকে বলেছেন, যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সজাগ থাকতে হবে। যাতে তারা ইউনিফর্মধারী বাহিনীগুলোকে যে কোনো ঘটনার আগাম তথ্য দিতে পারে। এখন মাঠে পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা আছে। তাদেরও নির্বাচন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। সব জায়গায় ভিজিলেন্স বাড়াতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী সভা, সমাবেশ অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা রাজনৈতিক দল ও প্রার্থীদের মেনে চলা উচিত। তা হলে সবার জন্য ভালো হবে। তখন পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারবে। বড় বাধা পেরিয়ে তফসিল হয়েছে। এখন সজাগ থাকার কোনো বিকল্প নেই। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের কর্মপরিধি আরও বেশি বৃদ্ধি করতে হবে। সামনের দিনগুলোয় আজকের মতো ঘটনা আর বেশি ঘটার আশঙ্কা আছে। সেটা মাথায় নিয়ে কাজ করতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক গণমাধ্যমকে বলেছেন, জুলাইযোদ্ধা হাদির ওপর দুর্বৃত্তদের গুলির ঘটনা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। এর আগেও প্রার্থীর ওপর গুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। তফসিলের আগে যেসব ঘটনা ঘটেছে সেগুলোয় যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তা হলে হয়তো তফসিলের পর এ ধরেেনর ঘটনা আমাদের দেখতে হতো না। হাদির ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। দুর্বৃত্তরা যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে। উদ্ধারের বাইরে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রার্থীদের নিরাপত্তায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে বলেও মনে করেন তিনি।

শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সজাগ আছি। প্রার্থীদের নিরাপত্তার দিকটাও আমাদের মাথায় রয়েছে। কোনো প্রার্থী নিজের নিরাপত্তায় ঝুঁকির বিষয়টি আমাদেরকে জানালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।

ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী আলহাজ আব্দুর রহমান গতকাল গণমাধ্যমকে বলেছেন, নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হলো, একদিন পর আজ একজন প্রার্থীকে গুলি করা হলো। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন।

গত ৭ নভেম্বর চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। ওই ঘটনার পর গতকাল আরেক প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটল।

গত ২৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ১১টি গুলির ঘটনা ঘটেছে সারাদেশে। এ ঘটনায় ৯ জন নিহত হন। ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। একই দিন পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক য্বুককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়।

গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন। ১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর জুরাইনে গ্যাসপাইপ এলাকার জব্বারের গলিতে দুর্বৃত্তদের গুলিতে পূর্বশত্রুতার জেরে এক যুবক নিহত হয়। ২ ডিসেম্বর রাতে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ৩ ডিসেম্বর মধ্যরাতে নোয়াখালীতে এক দোকানিকে গুলি করে মোটরসাইকেল, মুঠোফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৪ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কৃষককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হন।

৭ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টের নিচে মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের সাবেক এক নেতা গুলিবিদ্ধ হন। ১০ ডিসেম্বর চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রশিবিরের স্থানীয় এক নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ১১ ডিসেম্বর দুপুরে পুরান ঢাকার শ্যামবাজারে এক মসলা ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যাই বেশি। এই ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছে। সারাদেশে মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে (ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর মিলে) ঢাকাতেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে লাল চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৭৪৬টি, হলুদ চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৬ হাজার ৩৫৯টি। এবং সাধারণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৭ হাজার ৬৫৬টি। অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৫ হাজার ১০৫টি। সংখ্যার দিক থেকে অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সবচেয়ে বেশি ঢাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়