স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়েছেন আব্দুর রাজ্জাক। তবে বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকবেন সাবেক এ ক্রিকেটর। সংগঠক হিসেবে কাজ করতে চান রাজ্জাক।
নির্বাচকের পদ ছেড়ে বিসিবি পরিচালক পদে লড়বেন রাজ্জাক। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।
এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটে অবস্থান করছিলেন রাজ্জাক। আজ দুপুরে ঢাকায় ফিরেছেন তিনি। ফেরার পর বিসিবিতে এসে আলোচনা করেছেন অনেকক্ষণ। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক পদ ছাড়ার।
দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, রাজ্জাকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যে বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক এ ক্রিকেটার।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। শনিবার পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। জমা দিতে হবে রোববার।