স্পোর্টস ডেস্ক : এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রাটা একদম মন্দ হয়নি। তারা পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ সম্ভাবনা জাগিয়েছিল। তবে শেষ পর্যন্ত হিদার নাইটের কাছেই হেরে যায় তারা। অল্পের জন্য হেরে যাওয়া ম্যাচের হতাশা ভুলে এবার সামনে তাকাতে চায় বাংলাদেশ।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সামনের দিকে নজর দিয়ে আরেকটি জয়ের খোঁজে মাঠে নামার কথা বললেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
গত দিন যে ম্যাচটা চলে গেছে, সেটা অতীত হয়ে গেছে। আমরা চাইলেও ফেরাতে পারব না। এখন আমাদের সামনের যে ম্যাচ, সেটা নিয়েই মনোযোগ দিচ্ছি। নির্দিষ্ট করে কাউকে নিয়ে চিন্তা করছি না। দল হিসেবে আমরা কীভাবে ভালো ব্যাটিং, বোলিং করতে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করছি।
সোবহানা মোস্তারির ফিফটি ও রাবেয়া খানের শেষ দিকের ৪৩ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল বাংলাদেশ। পরে এক পর্যায়ে মাত্র ১০৩ রানে ৬ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা।
শেষ পর্যন্ত জিততে না পারলেও, বোলারদের ওই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান নাহিদা। একইসঙ্গে আরও ২-১ জন ব্যাটারের কাছে থেকে রান চান বাংলাদেশের সহ-অধিনায়ক।
গত ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। বোলিং বিভাগ হিসেবে খুব ভালো করেছি। একই ফোকাস থাকবে। ব্যাটাররাও ভালো করেছে। তারা যে খারাপ করছে, তা নয়।
হয়তো ২-১ জন আরেকটু ভালো করলে, রানটা আরেকটু বেশি হতে পারব। আমরা আগামীকালের ম্যাচ নিয়ে চিন্তিত। আগামীকালের ম্যাচটা কীভাবে খেলব সেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৪ ওয়ানডে খেলে ২টি হেরেছে বাংলাদেশ। আর ফল আসেনি অন্য দুই ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইট ফার্নসদের বিপক্ষে ৫ ম্যাচ খেলে সবকটিতেই মিলেছে পরাজয়ের বেদনা।
এবার বিশ্বকাপের ম্যাচেও যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা ভালোভাবেই জানেন নাহিদা। তাই গত ম্যাচের আরেকটু ভালো খেলে এবার জয়ের আশা অভিজ্ঞ স্পিনারের।
বিশ্বকাপের প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। এখানে সহজ বলতে কিছু নেই। সবসময়ই কঠিন পরিস্থিতিই পার করতে হবে। কারণ কোনো দলই সহজ কিছু দেবে না। সেভাবেই তাই প্রস্তুতি নিচ্ছি। গত ম্যাচে যেভাবে খেলেছি, এর চেয়ে একটু ভালো খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছুই হবে।
গত ম্যাচে আমরা দল হিসেবে ভালো খেলেছি। আমাদের আরেকটু ভালো করার জায়গা ছিল। আমাদের বোলাররা আর একটু ভালো করলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষে চলে আসত। তাই আমাদের ফোকাস থাকবে, পরের ম্যাচে যেন আরও ভালো বোলিংটা করতে পারি।