স্পোর্টস ডেস্ক : অবশেষে ব্যর্থতার দায় স্বীকার করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পরপর দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। বোলারদের দারুণ পারফরম্যান্সে আফগানদের মাত্র ১৯০ রানে থামিয়ে রেখেও জিততে পারল না তারা। ম্যাচ শেষে তাই ব্যাটারদের দায় দিলেন অধিনায়ক মিরাজ।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮১ রানে হারিয়েছে স্বাগতিক আফগানিস্তান। রশিদ খানের ঘূর্ণিতে মাত্র ১০৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দলের পক্ষে তাওহিদ হৃদয়ের ২৪ রানই ছিল সর্বোচ্চ।
এর আগে প্রথম ম্যাচে মাত্র ২২১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যা জয়ের জন্য একদমই যথেষ্ট ছিল না। ব্যাটিংয়ের এই সমস্যা মূলত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে চলছে। যা নিয়ে চিন্তিত মিরাজও।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়ার পর তাই ব্যাটিংয়ের কথাই বারবার বললেন বাংলাদেশ অধিনায়ক।
হ্যাঁ অবশ্যই। আমরা খুব ভালো বোলিং করেছি। মনে করেছিলাম, সহজেই এই রান তাড়া করতে পারব। কিন্তু আমরা একদমই ভালো ব্যাটিং করতে পারিনি। খুব খারাপ ব্যাটিং করেছি আজকে।
“আমি শুধু একটা জিনিসই বলছিলাম, টপ-অর্ডারে আমাদের জুটি গড়তে হবে। আমরা যদি টপ-অর্ডারে ৩০-৪০ রানের জুটি গড়তে পারতাম, ভিন্ন কিছু হতে পারত। আমাদের দায়িত্ব নিতে হবে। সেটা কেউ নিতে পারছি না। এখানেই সমস্যা।
সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়াতে চান মিরাজ। এরপর আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই তিনি দ্রুত ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন দলের ব্যাটারদের।
এই মুহূর্তে আমরা খুবই হতাশ। আমাদের এখনও এক ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে। আমাদের চিন্তা করতে হবে, কীভাবে ভালোভাবে ঘুরে দাঁড়ানো যায়।
“আমাদের ব্যাটিংয়ে ভালো করতে হবে। ওয়ানডে ক্রিকেটে স্কোর না পেলে আপনি জিততে পারবেন না। আমাদের অন্তত ওপরের ৭ ব্যাটারের দায়িত্ব নিতে হবে।