স্পোর্টস ডেস্ক : চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার (১৯ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু হবে। ৫ ম্যাচে ১ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৪ ম্যাচে। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন এখনো টিকে আছে। কিন্তু ব্যাপারটা বেশ কঠিন। যে পথ পাড়ি দিতে গেলে জ্যোতি, নাহিদা, সুপ্তাদের করতে হবে অসাধারণ কিছু।
নিজেদের হাতে থাকা বাকি দুই ম্যাচে জিততে হবে। শুধু জয় নয় অন্যদের কারণে যদি কিন্তুর সমীকরণের যে আলাপ সেখানে এগিয়ে থাকতে বিশাল ব্যবধানেই ম্যাচ দুটো জিততে হবে। দুই ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভারত।
এখনো অবধি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালের টিকিট কাটতে পেরেছে। ৫ ম্যাচে ৪ জয়ের সাথে এক ম্যাচ পরিত্যক্ত। অজিদের পয়েন্ট ৯।
৫ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ১ হার দক্ষিণ আফ্রিকার। তাতে ৮ পয়েন্ট প্রোটিয়া নারীদের। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান ১ ও ২ নম্বরে।
৩ নম্বরে থাকা ইংল্যান্ডের ৪ ম্যাচে ৩ জয়, পরিত্যক্ত হয়েছে বাকি ম্যাচটি। তাদের পয়েন্ট ৭। বাকি ৩ ম্যাচের ১ টিতে জিতলেই সেমির টিকিট নিশ্চিত হবে তাদের। এমনকি বাকি ম্যাচগুলোর সবকটিতে হারলেও অন্য দলে ফলাফল সেরা চারের রাস্তা করে দিবে ইংলিশদের।
বর্তমানে চার নম্বরে থাকা ভারতের সামনে সেমির জন্য সরাসরি সমীকরণ বাকি তিন ম্যাচে জয়। তবে বাকি দলগুলোর জয়-পরাজয়ের সমীকরণে এক-দুই ম্যাচ জিতেও সেমি ফাইনাল খেলতে পারবে হারমনিপ্রীত কৌরের দল।
৫ ম্যাচে ১ জয়, ১ হার আর ২ পরিত্যক্ত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের সামনেও সেমি-ফাইনাল খেলার সুযোগ আছে। নিজেদের বাকি দুই ম্যাচে জয় আর অন্য দলগুলোর ফলাফল মিলিয়ে তাদের জন্যও অপেক্ষায় নানা সমীকরণ।
৫ ম্যাচে কোনো জয় নেই শ্রীলঙ্কা, পাকিস্তানের। ৩ হারের সাথে ২ পরিত্যক্ত ম্যাচ, দুই দলের পয়েন্ট সমান ২। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে তারাও স্বপ্ন দেখতে পারে সেমি-ফাইনাল খেলার।
সে ক্ষেত্রে নিজেদের বাকি দুই ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর জয়-পরাজয়ের অঙ্ক তো মেলাতে হবে। যা অনেকটা অসাধ্য সাধনের মতো ব্যাপার।