স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের বিপক্ষে বুধবার রাতে বেলিংহ্যামের একমাত্র গোলেই যে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব কিংবা জাতীয় দল, চলতি মৌসুমে বেলিংহ্যামের এটা প্রথম গোল।
এটা ছিলো রিয়াল মাদ্রিদের জার্সিতে থিবো কর্তোয়ার ৩০০তম ম্যাচ। বেলজিয়ান গোলরক্ষক মাইলফলকের ম্যাচটিতে ক্লিনশিট আদায় করে নিয়েছেন, সে জন্য ৬ বার গোল ঠেকাতে হয়েছে তাকে। চেলসি থেকে তিনি রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের বিশ্বকাপ শেষে।
সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে রিয়াল একমাত্র গোলটি পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বেলিংহ্যামের পা থেকে এলেও গোলটির পেছনে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। ৫৭ মিনিটে কয়েকজনকে কাটিয়ে বাঁ-প্রান্ত থেকে আড়াআড়ি শট নিয়েছিলেন তিনি। বারপোস্টে লেগে বল চলে আসে বেলিংহ্যামের সামনে, সেখান থেকে জাল খুঁজে পান ইংলিশ ফুটবলার।
অ্যাতলেটিতো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটা রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। জয়ের এই ধারাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস নিয়েই মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় নামছে তারা। আগামী রোববার লা লিগার ওই ম্যাচটি হবে আবার রিয়ালের মাঠে।