নিজস্ব প্রতিবেদক : আসন্ন হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য উইকেটকিপার-ব্যাটার আকবর আলিকে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য জানায়।
দ্রুতগতির ছয়-জনের ফরম্যাটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কওং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
গত আসরে সেমিফাইনালে থেমেছিল বাংলাদেশ, এবার দলটির লক্ষ্য প্রথম শিরোপা জয়।
অলরাউন্ডার আবু হায়দার রনি ফিরেছেন দলে, যিনি ২০২৪ সালের আসরেও অংশ নিয়েছিলেন। গত আসরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিসান আলম আবারও দলে জায়গা ধরে রেখেছেন—তিনি চার ম্যাচে ১৫২ রান করেছিলেন ৭৬ গড়ে, পাশাপাশি নিয়েছিলেন ছয়টি উইকেট।
অভিজ্ঞ মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকতও রয়েছেন দলে। আগের আসরে সাইফউদ্দিন তিনটি উইকেট নিয়েছিলেন, আর মোসাদ্দেকের আছে সব ফরম্যাট মিলিয়ে ৮০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা।
দলে আরও রয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।
বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), জিশান আলম, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান।