স্পোর্টস ডেস্ক : ডব্লিউডব্লিউই থেকে বিদায় নিয়েছেন জন সিনা। দুই দশকে অসংখ্য দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে রিংয়ে শেষবারের মতো নামলেন। তবে সেই শেষ ম্যাচটি যে এতটা অপ্রত্যাশিত হবে, তা ভক্তরাও হয়তো ভাবতে পারেননি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে নিজের শেষ ম্যাচে রিংয়ে নামেন সিনা। প্রতিপক্ষ ছিলেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ বিজয়ী গুন্থার। শেষ ম্যাচে জন সিনাকে বিদায় জানাতে গ্যালারির আসন ছিল দর্শকে টাইটম্বুর। ফাঁকা ছিল না কোনো আসন। ---টি স্পোর্টস
সিনার শেষ লড়াই চলে ২৫ মিনিট ধরে। গুন্থারের বিপক্ষে ট্যাপ আউটে হার মানতে হয় শেষ পর্যন্ত, যা দেখে হতবাক হয়ে পড়ে পুরো অ্যারেনা। ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে ট্যাপ আউট করলেন সিনা। অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করলেও পুরো সময় শান্ত ছিলেন সিনা নিজে।
ম্যাচটি শুরু হয়েছিল এক আবেগঘন পরিবেশে। রিংয়ের পাশে উপস্থিত ছিলেন সিনার ক্যারিয়ারের বড় প্রতিদ্বন্দ্বীরা—কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, মিশেল ম্যাককুল ও ট্রিশ স্ট্রাটাস। দ্য রক ও কেইনের মতো কিংবদন্তিরাও ভিডিও বার্তায় শুভকামনা জানান সিনাকে।
গুন্থার আগে রিংয়ে প্রবেশ করলে দর্শকদের দুয়ো শুনতে হয় তাকে। পরে নিজের ঐতিহ্যবাহী থিম সংয়ে রিংয়ে নামেন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন জন সিনা। তখন করতালিতে ভরে ওঠে পুরো স্টেডিয়াম।