স্পোর্টস ডেস্ক : আর্সেনালের ধারাবাহিক আক্রমণে দিশাহারা অ্যাস্টনভিলা। এর পরেও গোলের ঠিকানা খুঁজে পেতে প্রথমার্ধ পেরিয়ে গেল আর্সেনালের। তবে প্রথম গোলের দেখা পাওয়ার পর আর তাদের বেঁধে রাখতে পারল না অ্যাস্টন ভিলা। একের পর এক বল জালে পাঠিয়ে দারুণ এক জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল তারা।
প্রিমিয়ার লিগে আগের আট রাউন্ডের সবগুলোয় জয়ী ভিলা এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। পুরো ম্যাচে পজেশন রাখায় ও আক্রমণে আধিপত্য করে জয়ের আনন্দে ভাসে আর্সেনাল। তাদের গোলগুলো করেন- গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।
এই হারে শিরোপা লড়াইয়েও কিছুটা পিছিয়ে পড়ল ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে উনাই এমেরির দল।
দিনের আরেক ম্যাচে, ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ২-২ ড্র করেছে চেলসি।
১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল, একটি ম্যাচ কমও খেলেছে তারা।