স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান লিগ সিরি আ লিগে অনেক কষ্টে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ১-০ গোলে হারালো এসি মিলান। এদিন ঘরের মাঠে তেমন ভালো ফুটবল খেলতে পারেনি এসি মিলান। যদিও ম্যাচের প্রথম গোলের সুযোগটা তারাই তৈরি করেছিলো। ম্যাচের তৃতীয় মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন লুকা মদ্রিচ। তবে তার নেয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৫তম মিনিটে আসে ম্যাচে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি। ফোফানার পাস থেকে দারুণ এক গোল করেন মিলানের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে একটি সুযোগ পেয়েছিল সফরকারীরা, তবে তা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয় হাফে আক্রমণের পসরা সাজিয়ে বসে ইন্টার। তবে গোলরক্ষক ও বাজে ফিনিশিংয়ের কারণে গোল করতে ব্যর্থ হয় তারা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে গোলের খুব কাছে গিয়েও তার দেখা পায়নি ইন্টার। ডিফেন্ডার আকাঞ্জির হেড পোস্টের কিছুটা উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
২৮ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে ইন্টার। তবে ৬০ পয়েন্ট নিয়ে ব্যবধান কমিয়ে এনে দুইয়ে রয়েছে এসি মিলান।