স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রেসি ফন ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন প্রোটিয়া এই ক্রিকেটার।
প্রায় সাত মাস ধরে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বাইরে ডুসেন। এবার নিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। তবে দক্ষিণ আফ্রিকার ভবিষ্যত ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। --- ডেইলি ক্রিকেট
বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে ডুসেন লিখেছেন, ‘অত্যন্ত গর্ব এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি গায়ে দেওয়াটা এমন এক অর্জন, যেখানে টিকে থাকতে হলে অদম্য সহনশীলতা ও নিবেদন প্রয়োজন; যা আপনার কঠিন পরীক্ষা নেবে, আবার অবিশ্বাস্য অর্জনেও ভরিয়ে দেবে। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।
কোচদের পাশাপাশি নিজের এজেন্ট ও স্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন ডুসেন। সেই সাথে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজের সবটুকু দিয়ে দাও।’ সবশেষে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয় ডুসেনের। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এ ব্যাটার। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে এবি ডি ভিলিয়ার্সের (৫৪.১৭) পর দ্বিতীয় সর্বোচ্চ গড় (৫০.১৩) নিয়ে ক্যারিয়ার শেষ করলেন।
ওয়ানডেতে ৬৫ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে ২৬৫৭ রান করেছেন ডুসেন। টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ৫৩ ইনিংসে ৩৩.৪৭ গড়ে ১৪০৬ রান করেছেন তিনি। এই ফরম্যাটে তার স্ট্রাইকরেট ১২৮.৭৫। টেস্টে ৩২ ইনিংসে ৩০.১৬ গড়ে করেছেন ৯০৫ রান।