স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গত দেড় বছরে দেখা গেছে চার সভাপতি। পালাক্রমে এবার সভাপতির দায়িত্বে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যিনি কিনা বোর্ডে এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া এডহক কমিটির সভাপতি হিসেবে।
নতুন সভাপতি তামিমের সামনে অনেক চ্যালেঞ্জ। তার মধ্যে অন্যতম মাঠে খেলা ফেরানো। সেক্ষেত্রে এখন পর্যন্ত সফল তামিম। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে জট খুলেছে। জানা গেছে প্লেয়ারদের দল-বদলের তারিখ। মে মাসে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট।
অতীতে বোর্ডে কী হয়েছে সেসব নিয়ে পড়ে থাকতে চান না তামিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ভাবনায় শুধু দেশের ক্রিকেটের উন্নয়ন। সকলের পরামর্শ নিয়েই এগোতে চান তিনি।
বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাতকারে তামিম বলেন, অতীতে বোর্ডে কী ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না। আমি চাই দেশের ক্রিকেটের উন্নয়ন। কাজটি কঠিন, তার পরও সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। ক্রিকেটের সবকিছু কমিটিই করবে এমন ভাবাটা ভুল হবে। পরামর্শ নিতে চাই। এখানে গুরুত্ব দেওয়া হবে পুরুষ ও মহিলা জাতীয় দলের সাবেক অধিনায়কদের। তাঁরা মেধাবী ছিলেন তাই দেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের পরামর্শ বা নির্দেশনা কাজে লাগাতে চাই।
তিনি আরও বলেন, এ ছাড়া যে-কেউ আমাদের পরামর্শ দিতে পারেন। ক্রিকেট কোনো কমিটির নয়, এটা দেশের জনগণের। এখানে সবারই মতামত গুরুত্বসহকারে দেখা হবে। আমরা শুধু সেবক হয়ে এসেছি।
এডহক কমিটির মেয়াদ তিন মাসের। এরপরই দিতে হবে নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন তামিম।