স্পোর্টস ডেস্ক: শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক এক ভুল করে বসলেন জানলুইজি দোন্নারুম্মা। তাতে এগিয়ে যাওয়ার আনন্দ দুই মিনিটও স্থায়ী হলো না ম্যানচেস্টার সিটির। তবে চাপ ধরে রাখল দলটি। কোচের ডাকে সাড়া দিয়ে, আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা একটু জোরাল করল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি। হায়ান শেহকির দারুণ গোলে পিছিয়ে পড়ার পর, দোন্নারুম্মার ওই ভুলের সুযোগে সমতা টানেন কাই হাভার্টজ। তবে, দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ডের গোলটি আর শোধ করতে পারেনি সফরকারীরা। টানা দ্বিতীয় পরাজয়ে দুই দশকের বেশি সময়ে শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। --- বিডিনিউজ
পজেশন রাখায় কিংবা আক্রমণে আধিপত্য করেই জিতেছে সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। আর্সেনালের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল। আসরে আর্সেনালের এটি পঞ্চম পরাজয়। লিগ টেবিলে অবশ্য এখনও শীর্ষেই আছে তারা। ৩৩ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।