স্পোর্টস ডেস্ক : দুই দশকের অপেক্ষার প্রহর পেরিয়ে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। পিএসজির বিপক্ষে তাদের শিরোপা লড়াই ঘিরে চলছে বিস্তর আলোচনা। এর মাঝেই দারুণ একটা খবর পেয়েছে ইংলিশ ক্লাবটি। প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে ‘হোম জার্সি’ পরে মাঠে নামতে পারবে কোচ মিকেল আর্তেতার দল।
ইউরোপ সেরার মঞ্চে এবার শুরু থেকে দারুণ ছন্দে এগিয়েছে আর্সেনাল। প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবগুলোয় জয় পায় তারা। এরপর নকআউট পর্বে পারফরম্যান্সে ওঠানামা থাকলেও, অপরাজিত থেকেই শেষ ধাপে উঠেছে দলটি।
সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্রয়ের পর, ফিরতি লেগে বুকায়ো সাকার একমাত্র গোলে জিতে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয় আর্সেনাল। --- বিডিনিউজ
প্রাথমিক পর্বে শতভাগ সাফল্যের কারণে নকআউট পর্বে প্রতিটি ধাপেই দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলে আর্সেনাল, যা তাদের এগিয়ে চলায় ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু ফাইনালে এসে তাদের নামের পাশে যোগ হয় ‘অ্যাওয়ে’ দলের তকমা।
ফলে আগামী ৩০ মে বুদাপেস্টের ফাইনালে আর্সেনাল পাবে অ্যাওয়ে দলের ড্রেসিং রুম। এই নিয়ম অনুযায়ী, ফাইনালে পিএসজির পরার কথা ছিল ‘হোম জার্সি।’ তবে আর্সেনালের জন্য সুখবর হলো, তারাও পরতে পারবে তাদের হোম জার্সি।
তবে, যদি পিএসজিকে হারিয়ে বায়ার্ন মিউনিখ ফাইনালে উঠত, তাহলে তারা তাদের লাল জার্সি পরতো এবং সেক্ষেত্রে তখন আর্সেনালকে বেছে নিতে হতো বিকল্প কোনো অ্যাওয়ে জার্সি। কিন্তু পিএসজির জার্সি, শর্টস ও মোজার রং নীল হওয়ায় আর্সেনালের লাল জার্সি ও সাদা শর্টস পরায় কোনো আপত্তি নেই।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে একবারই ফাইনাল খেলেছে আর্সেনাল, ২০০৬ সালে। প্যারিসের সেই ফাইনালে হলুদ জার্সি পরে খেলে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।