স্পোর্টস ডেস্ক : স্পেন শিবিরে নিকো উইলিয়ামসের চোট নিয়ে যে দুর্ভাবনা বাসা বেঁধেছিল তা ২৪ ঘণ্টার মধ্যে অনেকটা কেটে গেছে। দ্য অ্যাথলেটিকের খবর, বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন আথলেতিক বিলবাওয়ের ফুটবলার।
লা লিগায় গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিকো উইলিয়ামস। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৬তম মিনিটে মাঠ ছাড়ার সময় তার চোখে-মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে।
ফলে ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের আসছে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জাগে। তবে পরীক্ষায় তার বাঁ পায়ে ‘মাঝারি মাত্রার হ্যামস্ট্রিংয়ের’ চোট ধরা পড়ার কথা জানিয়েছে বিলবাও। -- বিডিনিউজ
অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, এই চোট কাটিয়ে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে নিকোর। ফলে চলতি মৌসুমে বিলবাওয়ের বাকি তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। সবকিছু পরিকল্পনা মতো হলে, বিশ্বকাপের আগে আগামী ৪ জুন ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের পূর্বে মাঠে ফিরতে পারবেন নিকো।
আগামী ১১ জুন শুরু হবে উত্তর আমেরিকা বিশ্বকাপ। স্পেন তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৫ জুন, কেপ ভার্দের বিপক্ষে। এইচ গ্রুপের অন্য দুই দল- সৌদি আরব ও উরুগুয়ে। ২০১০ সালে প্রথম বিশ্বকাপ জয়ী স্পেন এবারের আসরেও ফেভারিট দলগুলোর একটি। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান দুইয়ে, শীর্ষে ফ্রান্স।
২০২২ সালে জাতীয় দলে অভিষেক হয় নিকোর, ২০ বছর বয়সে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন তিনি। দলটির ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে দুটি গোল করেন নিকো।
চলতি মৌসুমে বিলবাওয়ের জার্সিতে ৩২ ম্যাচ খেলে ছয়টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন নিকো। স্পেনের সবচেয়ে বড় তারকা লামিনে ইয়ামালও বর্তমানে চোটের কারণে বাইরে আছেন। এই বার্সেলোনা তারকাও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।