সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।