শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোফাইটার টাইফুন বিতর্ক: সামরিক স্বাধীনতা ও বাস্তব যুদ্ধের আলোকে চীনা প্রযুক্তির বিকল্প বিবেচনা

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সম্ভাবনাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন, সামরিক বিশ্লেষক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন আর কেবল একটি যুদ্ধবিমান সংগ্রহের প্রশ্নে সীমাবদ্ধ নেই; বরং এটি দেশের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা কৌশল, প্রযুক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক নির্ভরতা এবং বাস্তব যুদ্ধ–অভিজ্ঞতার আলোকে নতুন করে মূল্যায়নের দাবি তুলেছে।

ইউরোপীয় চারটি দেশের যৌথ উদ্যোগে তৈরি চতুর্থ-প্লাস প্রজন্মের এই যুদ্ধবিমান উন্নত এভিওনিক্স, শক্তিশালী রাডার এবং বহুমুখী যুদ্ধক্ষমতার জন্য পরিচিত। তবে প্রতিরক্ষা অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, টাইফুন সংগ্রহের ক্ষেত্রে শুধু ক্রয়মূল্য নয়, বরং পরবর্তী ২৫ থেকে ৩০ বছরে রক্ষণাবেক্ষণ, অস্ত্র সংহতি, সফটওয়্যার আপডেট, প্রশিক্ষণ কাঠামো এবং স্পেয়ার পার্টস সরবরাহের জন্য বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। চারটি প্রস্তুতকারী দেশের ওপর একযোগে নির্ভরশীলতা যুদ্ধকালীন লজিস্টিক ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

সামরিক মহলে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে অপারেশনাল নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত নির্ভরতার প্রশ্ন। আধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে ব্যাটেলফিল্ড ম্যাপিং, টার্গেটিং ডেটা, সফটওয়্যার অনুমোদন এবং নির্দিষ্ট অস্ত্র ব্যবহারের ছাড়পত্রের ওপর। পশ্চিমা প্ল্যাটফর্মের ক্ষেত্রে এসব বিষয়ে প্রস্তুতকারী দেশগুলোর রাজনৈতিক অবস্থান বড় ভূমিকা রাখে। সংকট বা সংঘাতের সময় এই সহায়তা সীমিত হলে ব্যয়বহুল যুদ্ধবিমান থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সামরিক সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ে।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সাম্প্রতিক অভিজ্ঞতা এই বাস্তবতাকে সামনে এনেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতে দেখা গেছে, প্রয়োজনীয় প্রযুক্তিগত অনুমোদন ও সফটওয়্যার সহায়তা না পাওয়ায় নিজেদের কেনা যুদ্ধবিমান তারা পুরো সক্ষমতায় ব্যবহার করতে পারেনি। একই ধরনের চিত্র এশিয়ার সাম্প্রতিক দুটি দেশের মধ্যে ঘটে যাওয়া বিমানঘটিত সামরিক উত্তেজনাতেও লক্ষ্য করা গেছে, যেখানে প্রস্তুতকারী দেশের প্রযুক্তিগত নিয়ন্ত্রণ যুদ্ধবিমানের কার্যকারিতাকে সীমিত করে তোলে।

ইউক্রেন–রাশিয়া যুদ্ধও আধুনিক আকাশযুদ্ধের কঠিন বাস্তবতা তুলে ধরেছে। পশ্চিমা সহায়তায় সরবরাহ করা উন্নত সামরিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ইউরোপীয় প্ল্যাটফর্মগুলোর টিকে থাকা, দ্রুত রক্ষণাবেক্ষণ এবং নিরবচ্ছিন্ন অপারেশনাল সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ প্রমাণ করেছে—প্রযুক্তিগত উৎকর্ষ যতই থাকুক, বাস্তব যুদ্ধক্ষেত্রে স্বাধীনভাবে ব্যবহারের সক্ষমতা না থাকলে সেই প্রযুক্তি বড় ঝুঁকির মুখে পড়ে।

এই প্রেক্ষাপটে চীনা প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সামরিক সূত্র ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, গত এক দশকে চীন যুদ্ধবিমান প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আধুনিক রাডার, কার্যকর অস্ত্র সংহতি এবং নেটওয়ার্ক–ভিত্তিক যুদ্ধ সক্ষমতার পাশাপাশি চীনা প্ল্যাটফর্মগুলোর একটি বড় বৈশিষ্ট্য হলো—তুলনামূলকভাবে বেশি অপারেশনাল স্বাধীনতা।

সংশ্লিষ্টদের মতে, চীনা যুদ্ধবিমানে ব্যাটেলফিল্ড ম্যাপিং ও টার্গেটিং ডেটা ব্যবস্থাপনায় ব্যবহারকারী দেশের নিয়ন্ত্রণ বেশি থাকে। সফটওয়্যার আপডেট বা অস্ত্র ব্যবহারে রাজনৈতিক শর্ত আরোপের প্রবণতা পশ্চিমা দেশগুলোর তুলনায় কম। ফলে সংকটকালে প্রযুক্তিগত সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে মনে করেন অনেক সামরিক বিশ্লেষক।

এ ছাড়া চীনা যুদ্ধবিমানের ক্রয়মূল্য ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলকভাবে কম হওয়ায় প্রতিরক্ষা বাজেটের ওপর চাপও কম পড়ে। স্পেয়ার পার্টস সরবরাহ, প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা তুলনামূলক সহজ হওয়ায় দ্রুত যুদ্ধপ্রস্তুতি বজায় রাখা সম্ভব হয় বলে মত সংশ্লিষ্ট মহলের।

একজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, “আমাদের মতো দেশের ক্ষেত্রে যুদ্ধের সম্ভাবনা মূলত আঞ্চলিক ও প্রতিবেশী দেশের সঙ্গেই বেশি। সে বাস্তবতায় এমন যুদ্ধবিমান প্রয়োজন, যা কোনো রাজনৈতিক সংকটে প্রস্তুতকারী দেশের সিদ্ধান্তের কারণে অকার্যকর হয়ে যাবে না। এই জায়গায় চীনা প্রযুক্তি বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুদ্ধবিমান কেনার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক ব্যয়, কূটনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ যুদ্ধপরিকল্পনা—সব দিক বিবেচনা করেই মূল্যায়ন প্রক্রিয়া চলছে।

তবে সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল একটি যুদ্ধবিমান কেনার নয়; এটি আগামী কয়েক দশকের আকাশ–নিরাপত্তা কৌশল নির্ধারণের বিষয়। টাইফুনের মতো উন্নত কিন্তু শর্তসাপেক্ষ প্ল্যাটফর্ম, নাকি তুলনামূলক কম খরচে স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ দেওয়া চীনা প্রযুক্তি—এই দ্বন্দ্বের মধ্যেই এখন দেশের প্রতিরক্ষা নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অপেক্ষা করছে।

সিদ্ধান্ত যাই হোক, বিশ্লেষকদের অভিমত—প্রযুক্তির ঝলক নয়, বাস্তব যুদ্ধের সক্ষমতা ও অপারেশনাল স্বাধীনতাই হওয়া উচিত চূড়ান্ত মানদণ্ড। সেই দিক বিবেচনার চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো সময় উপযোগী।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়