আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে কমিশনারদের সঙ্গে নিয়ে বের হয়ে যান সিইসি। নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইসি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা ও নির্বাচনকালীন ও গণভোট চলাকালীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে।
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই বৈঠককে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এই বৈঠকের পরই রাষ্ট্রপতির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানা গেছে।