মনিরুল ইসলাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে লাল–সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস আনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে। দেখা গেছে, বিশেষভাবে প্রস্তুত এ বাসটির বাহিরাংশে লাল ও সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলোতে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা কাচ। এই বাসে করে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন বলে জানা গেছে।
তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে সংবর্ধনা মঞ্চ এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। সরেজমিনে দেখা গেছে, ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ। বহু নেতাকর্মী আগের রাত থেকেই সেখানে অবস্থান করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।