স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কাছে টানা তিন ওয়ানডে ম্যাচই হারলো শ্রীলঙ্কা। শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান।
এদিন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় কুশল মেন্ডিসের দল। ২১২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় লাভ করে শাহিন আফ্রিদিরা।
দলের জয়ে ৯২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন 'ধীর গতির' মোহাম্মদ রিজওয়ান। ১১৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি হয় তার। এই জুটিই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৫৭ বলে এক বাউন্ডারিতে ৪২ রান করেন তালাত। আর ৪৫ বলে আট বাউন্ডারিতে ৫৫ রান আসে ওপেনার ফখর জামানের উইলো থেকে।
এর আগে, শ্রীলঙ্কার ইনিংসে কোনো ব্যাটারের ফিফটি নেই। সর্বোচ্চ ৬৫ বলে ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাটারদের মধ্যে কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে লড়াই করার মতো পুঁজি পায়নি তারা।
পাকিস্তানের পক্ষে ৪৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দুটি করে উইকেট হারিস রউফ ও ফয়সাল আকরামের।