স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমান রেকর্ড মূল্যে আইপিএলে দল পেয়েছেন। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দাম।
তবে আইপিএলে পুরো সিজন খেলতে পারবেন না মুস্তাফিজ। নিউজিল্যান্ড সিরিজের কারণে আইপিএল রেখে দশ দিনের জন্য দেশে ফিরবেন টাইগার এ পেসার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ----- ডেইলি ক্রিকেট
আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের পুরো সিজনে খেলতে পারবেন না। সেটাই সত্যি হচ্ছে, কিউইদের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য আইপিএলের মাঝপথে দেশে ফিরবেন মুস্তাফিজ।
একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজ। তাসকিন আহমেদের নাম উঠলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, লিটন দাস ও রাকিবুল হাসানের নাম তালিকায় থাকলেও নিলামেই উঠেনি।
গত মৌসুমের মাঝপথে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন মুস্তাফিজ। এবারও তাকে পেতে নিলামে লড়াই করেছে দলটি। তবে শেষ পর্যন্ত কলকাতার কাছে হেরে গেছে তারা।
মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে দলটির হয়ে আইপিএলে খেলবেন ফিজ।