স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দাপুটে জয়ে বড় চমক উপহার দিল সংযুক্ত আরব আমিরাত। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের নারী দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আমিরাত। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
থাইল্যান্ডের ব্যাংককে আজ প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে ভারত। রাত তাড়ায় ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। দলটির অধিনায়ক এশা ওযা ৬১ বলে ৭২ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। ---- টি-স্পোর্টস
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। মাত্র ৩ রান করে আউট হন ওপেনার হুমাইরা কাজী। পদুইয়ে নামা তেজা হাসাবনিস ৩ বলে ১ করে সাজঘরে ফিরেন। আর আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।
টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে রেখে লড়ে যান আনুস্কা শর্মা। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আনুস্কা। আর কানওয়ারের ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আমিরাত। উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে তারা। ১০ রান করে ফেরেন ওপেনার থেরথা সাতিস। তারপর সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক এশা। অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
আট দলের নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে ‘এ’ গ্রুপে ভারত। একই গ্রুপে আমিরাত ছাড়া আছে পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালেশিয়া। গ্রুপপর্বের সেরা দুই দল খেলবে সেমি ফাইনাল।
শনিবার বাংলাদেশ সময় বেলা একটাই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।