স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দল আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে। সালমান আলী আগা-বাবর আজমদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করতে পারে বিসিবি। এমনটাই খবর, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের।
মার্চে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। তবে ক্রিকবাজ জানিয়েছে, এই সিরিজটি হতে পারে ওয়ানডে ফরম্যাটে। এই সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তানের ক্রিকেটাররা। পিএসএল শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে তারা। তখন দুটি টেস্টে একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। যার ফলে ক্রিকেটারদের সামনে এখন একখন্ড অবসর। অনেক ক্রিকেটারই ছুটিতে আছেন। সেজন্য পাকিস্তান সিরিজের আগে ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৩ ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিসিএল আয়োজনের কথা ছিল। তবে ধারণা করা হচ্ছে সেটি পিছিয়ে যেতে পারে। এই সময়ে মাঠে গড়াতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিএল ওয়ানডে ফরম্যাট।
বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মেদ কাওসার জানিয়েছেন, ‘আমরা অ-২৩ ক্রিকেটারদের নিয়ে ফেব্রুয়ারিতে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ক্রিকেট অপারেশন্স বিভাগ জাতীয় দলের ক্রিকেটারদের মাঠে দেখতে চায়, যেহেতু বিশ্বকাপে না যাওয়ায় তাদের এখন খেলা নেই। তাদের সামনে মার্চে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অ-২৩ বিসিএলের চেয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। আমরা অ-২৩ বিসিএল আরেকটি উপযুক্ত সময়ে আয়োজনের পরিকল্পনা করছি
বিসিএলের প্রথম রাউন্ড হতে পারে ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল গড়াতে পারে মার্চের প্রথম সপ্তাহে। জানা গেছে, বগুড়া ও রাজশাহীতে হবে সব ম্যাচ। তবে ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।