স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একদমই মেলে ধরতে পারেনি ওমান। একের পর এক ম্যাচ হেরেই চলেছে। কলম্বোতে বি' গ্রুপের ম্যাচে ৯৬ রানের বিশাল ব্যবধানে ওমানের বিরুদ্ধে জিতেছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন টাকার।
জবাবে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। বাঁহাতি পেসার জশ লিটল ১৮ রানে নেন ৩ উইকেট। অথচ টস হেরে ফিল্ডিং করতে নেমে ৪৫ রানে আয়ারল্যান্ডের ৩ ও ৬৪ রানে ফেলে দিয়েছিল ৪ উইকেট। তেমন অবস্থা থেকে দলকে চূড়ায় নেওয়ার কারিগর টাকার। তার সঙ্গে মিলে ৩০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। মাত্র ৯ বলে ৩৫ রান করেন জর্জ ডকরেল, যাতে ছিল ৫টি ছক্কা।
সর্বোচ্চ রান করা টাকার ৫১ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৫টি ছক্কা। ২৩৫ রান করার পরই আসলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। ওমান স্রেফ হারের ব্যবধানই কমিয়ে গেছে। তাতে ২৯ বলে ৫০ রান করে কিছুটা বিনোদন দেন আমির কালিম, হাম্মাদ মির্জা করেন ৩৭ বলে ৪৬। বাকি কেউই ১০ রান পেরোতে পারেননি।