স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব সময়ই ক্রিকেটারদের মর্যাদা ও অধিকার রক্ষায় বদ্ধপরিকর। একইসাথে নাঈম হাসানের সঙ্গে ঘটা এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে বিসিবি। এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ আরো কয়েকজন বোর্ড পরিচালক।
এবার নাঈমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছেন বিসিবির মেডিকেল টিমের দুই সদস্য, যার মধ্যে একজন ডাক্তার এবং একজন ফিজিও রয়েছেন। সেখানে পৌঁছে তারা নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং পর্যবেক্ষণ করবেন। যেহেতু সামনে টেস্ট সিরিজ রয়েছে।
এর আগে শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানায়, 'নাঈম হাসানকে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবির। একইসাথে সুষ্ঠু তদন্তের দাবি বোর্ডের। শুক্রবার রাতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিসিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং মনে করে, এ ধরনের ঘটনার দ্রুত ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। বোর্ড আশা করছে, ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।